খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক, ১৪৩৩

গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অস্থিরতার পেছনে পলাতক অপশক্তি: প্রতিমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৪:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অস্থিরতার পেছনে পলাতক অপশক্তি: প্রতিমন্ত্রী

ছবি: কালবেলা

নিজস্ব প্রতিবেদক:

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতার নেপথ্যে কলকাঠি নাড়ছে পলাতক অপশক্তি। সরকার ইতোমধ্যে এই অপশক্তিকে চিহ্নিত করেছে। তবে কিছু গণমাধ্যম প্রকৃত চিত্র তুলে না ধরে পোশাক খাতের অস্থিরতাকে শ্রমিক আন্দোলন হিসেবে প্রচার করে পরিস্থিতি উসকে দেওয়ার অপচেষ্টা করছে। বাংলাদেশের জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের পেশাগত ও আর্থিক কল্যাণ, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক এ সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে অস্থিতিশীলতা উসকে দিলে গোটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমও ক্ষতির মুখে পড়বে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, দাসত্বের সাংবাদিকতাকে মানুষ মনে-প্রাণে ঘৃণা করে। এ ধরনের সাংবাদিকতার কারণেই ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে। দেশে এত গণমাধ্যম থাকার পরও আয়নাঘরের খবর জানতে হয়েছে বিদেশি গণমাধ্যমের মাধ্যমে।

তিনি বলেন, ১৭ বছর ধরে যারা দাস সাংবাদিকতার চর্চা করেছেন, তারা এখন লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছেন। এমন পরিণতি যেন অন্যদের ভোগ করতে না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমানে অপসাংবাদিকদের প্রভাব বেড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের উদ্যোগে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়নের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির জামাল বলেন, সাংবাদিকদের কল্যাণে উল্লেখযোগ্য প্রকল্প ও পরিকল্পনার প্রায় সবই বিএনপি সরকার গ্রহণ করেছে। আগে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী সাংবাদিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে সেই প্রবণতা ভেঙে পেশাদার ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ৬৫ বছরের বেশি বয়সী অসচ্ছল সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ২৫ কোটি টাকায় উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা।

সভা শেষে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের ২০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের মধ্যে সহযোগিতার চেক বিতরণ করা হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বেনাপোল ইমিগ্রেশনে স্টপলিস্টে নাম, যুবলীগ নেতা আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেনাপোল ইমিগ্রেশনে স্টপলিস্টে নাম, যুবলীগ নেতা আটক

ছবি: কালবেলা

নিজস্ব প্রতিবেদক:

যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে স্টপলিস্টে নাম থাকায় হিমাংশু পাল নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

আটক হিমাংশু পাল বাগেরহাটের স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি হাড়িখালী এলাকার বাসিন্দা অমলেন্দু পালের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হিমাংশু পালের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজতে সাময়িকভাবে রাখার অনুরোধ জানানো হয়েছিল। পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টার দিকে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমির বলেন, ইমিগ্রেশনে আটক যুবলীগ নেতাকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাগেরহাট সদর থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাকে ওই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তি বর্তমানে বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে রোডম্যাপ ঘোষণার আহ্বান এবি পার্টির

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে রোডম্যাপ ঘোষণার আহ্বান এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক:

শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে বাস্তবায়নযোগ্য মজুরি বৃদ্ধির রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। প্রয়োজনে ধাপে ধাপে মজুরি বাড়ানো হলেও প্রতিটি ধাপের পরিমাণ ও কার্যকর হওয়ার তারিখ নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকের মজুরি কমিয়ে কিংবা আন্দোলন দমন করে বাংলাদেশের পোশাকশিল্পকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা সম্ভব নয়। একইভাবে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমেও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না।

এ বিষয়ে ব্যারিস্টার নোমান বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন ন্যায়ভিত্তিক মজুরি, দায়িত্বশীল মালিকানা, দক্ষ ও উৎপাদনশীল শ্রমশক্তি এবং জবাবদিহিমূলক সরকার।

তিনি আরও বলেন, এবি পার্টি সংকট তৈরি হওয়ার পর প্রতিক্রিয়া দেখানোর রাজনীতি নয়, বরং সংকট তৈরির আগেই সমাধানের রাজনীতি চায়। শ্রমিকের মর্যাদা, শিল্পের সুরক্ষা এবং জাতীয় অর্থনীতির স্বার্থে দীর্ঘমেয়াদি ও সমন্বিত জাতীয় পোশাকশিল্প ও শ্রমনীতি প্রণয়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা ও এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, শ্রমিক পার্টির সমন্বয়ক জামাল শেখ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, মোহসীনুল হক চৌধুরী ও মশিউর রহমান মিলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

বার্তা বিভাগ
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

ছবিতে আটককৃত মাদকদ্রব্য

নোয়াখালী প্রতিনিধি ।। যোগফল অনলাইন

নোয়াখালীর সেনবাগে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল। এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্বর নিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় রাত সোয়া ১টার দিকে টেকনাফ থেকে আসা একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হলেও চালক পালিয়ে যায়।

 ওসি মো. শাহজাহান কামাল আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।